স্ট্যান্ড-আপ কমেডির দুনিয়ায় ঝড় তোলা সমসাময়িক সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সময় রায়না আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো হাসি-ঠাট্টা বা স্ট্যান্ড-আপ শো-এর জন্য নয়, বরং আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়া এক রহস্যময়ী তরুণীকে ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের রাস্তায় এক তরুণীর হাত ধরে সময়কে সাবধানে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায়। তরুণীর মুখ মাস্ক দিয়ে ঢাকা থাকায় তার পরিচয় নিয়ে দানা বেঁধেছে ভক্তদের কৌতূহল। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে পড়লে নেটিজেনদের একাংশ তাকে সময়ের রহস্যময়ী প্রেমিকা হিসেবে আখ্যা দিচ্ছেন।
ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলোর বাইরে রাখতে পছন্দ করেন এই কৌতুক অভিনেতা। তবুও তার এই ভিডিও নতুন করে উসকে দিয়েছে পুরনো সব জল্পনা। এর আগে ব্লকবাস্টার সিনেমা ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করের সঙ্গে নাম জড়িয়েছিল সময়ের। যদিও সেই সম্পর্কের গুঞ্জন নিয়ে তাদের কেউই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে নতুন এই রহস্যময়ীর উপস্থিতি সব জল্পনাকে ছাপিয়ে এখন আলোচনার শীর্ষে।
একদিকে যখন ব্যক্তিগত জীবনের নতুন সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই আইনি জটিলতায় বড় ধাক্কা খেলেন এই কমেডি তারকা। তার বিতর্কিত শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট তাকে তিন লাখ টাকা জরিমানা করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি জে.ভি. মোহনার বেঞ্চ কড়া ভাষায় জানিয়েছে যে, সময় রায়না আদালতের সঙ্গে প্রতারণা করেছেন এবং আগে দেওয়া নির্দেশ অমান্য করেছেন।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সময় রায়না তাদের সামনে মিথ্যা বিবৃতি দিয়েছেন এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পেশাগত জীবনের এই কঠিন পরিস্থিতির মাঝেই ব্যক্তিগত জীবনের এই নতুন রহস্য যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছে সময়ের অনুসারীদের মধ্যে। এখন দেখার বিষয়, সব বিতর্ক আর গুঞ্জন কাটিয়ে তিনি নিজেকে কীভাবে সামাল দেন।