শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কুমিল্লায় বাস সংস্কার ও ওয়াইফাই সুবিধা চালু

কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রার অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও আরামদায়ক ও আধুনিক করতে তিনি বাসের পুরোনো প্লাস্টিকের আসন পরিবর্তন করে উন্নতমানের ফোমের সিট সংযোজন করেছেন। এছাড়া বাসের অভ্যন্তরীণ নানাবিধ যান্ত্রিক ও অবকাঠামোগত সমস্যারও দ্রুত সমাধান করা হয়েছে।
রবিবার সকালে কুমিল্লা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে সংস্কারকৃত বাসটি শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। কেবল আসবাব পরিবর্তনই নয়, শিক্ষার্থীদের যাতায়াতের সময় প্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে বাসে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। এই উদ্যোগের মাধ্যমে দূরপাল্লার যাত্রায় শিক্ষার্থীদের দীর্ঘ সময়ের কষ্ট অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের মতে, একজন প্রশাসকের দায়িত্ব কেবল দাপ্তরিক কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং মানুষের প্রয়োজন ও সমস্যা উপলব্ধি করে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। ব্যক্তিগত উদ্যোগে এই বাস সংস্কারের ঘটনাকে তারা মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এমন উদ্যোগ তাদের পড়াশোনা ও জরুরি যোগাযোগের ক্ষেত্রেও বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।
এ বিষয়ে ইউসুফ মোল্লা টিপু জানান, শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রাপথকে স্বস্তিদায়ক করতে এবং তাদের নিত্যপ্রয়োজনীয় প্রযুক্তিসুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তার এমন জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় সচেতন মহলেও বেশ প্রশংসিত হয়েছে।
