AdvertisementAdvertisement

গঙ্গাচড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণের পৌনে ছয় লাখ টাকা বরাদ্দ পেলেও বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের জন্য বরাদ্দের টাকা ব্যয়ের নথিপত্র তৈরি হলেও বাস্তবে মাঠপর্যায়ে কোনো সরঞ্জামের দেখা মেলেনি। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় তিনটি প্রকল্পে মোট ৫ লাখ ৯৭ হাজার ৫৪২ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা বিতরণে দীর্ঘসূত্রতা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এডিপি সাধারণ পিআইসি ও রাজস্ব উন্নয়ন স্থানান্তরিত পিআইসি খাতের অধীনে তিনটি প্রকল্পে এই বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ফুটবল ও হ্যান্ডবল বিতরণের জন্য ১ লাখ ৯৭ হাজার ৫৪২ টাকা এবং দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল বিতরণের জন্য পৃথক দুটি প্রকল্পে মোট ৪ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, এই বরাদ্দের বিপরীতে কোনো ক্রীড়া সামগ্রী তাদের প্রতিষ্ঠানে পৌঁছায়নি। গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, গঙ্গাচড়া সিনিয়র আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. অলিউল্লাহ এবং নগর বড়াইবাড়ী আলমবিদিতর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন স্বপন অভিন্ন সুরে জানিয়েছেন যে, খেলাধুলার কোনো সরঞ্জামই তারা হাতে পাননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাইলা জেসমিন সায়েদ ক্রীড়া সামগ্রী বিতরণের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। এদিকে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ কেবল তালিকা প্রদানের কথা স্বীকার করলেও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এলজিইডির উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল দাবি করেছেন যে, মাস্টার রোল হাতে পাওয়ার পর বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার স্বীকার করেছেন যে, ক্রীড়া সামগ্রী এখনো বিতরণ করা হয়নি এবং তা দ্রুত বিতরণের উদ্যোগ নেওয়া হবে। তবে অর্থবছর শেষ হওয়ার পথে থাকলেও সরকারি বরাদ্দের এসব সামগ্রী কেন শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছাল না এবং কেনই বা এসব সামগ্রী নিয়ে এমন অস্পষ্টতা রয়ে গেল, তা নিয়ে সচেতন মহলে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

0%
0%
0%
0%