পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, জাতীয় ঐক্য এবং শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। শপথ গ্রহণের পর সেখানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা নিজ নিজ এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।