রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

রংপুর নগরের পায়রা চত্বরসংলগ্ন স্কাই ভিউ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ১৯ পিস ইয়াবাসহ মো. ওমর আলী ও মিথুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এই অভিযান পরিচালিত হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযান সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর ব্যস্ততম পায়রা চত্বরে অবস্থিত স্কাই ভিউ হোটেলের ওই কক্ষে অভিযান চালায়। এ সময় দুই পুলিশ সদস্যের কক্ষ তল্লাশি করে খাটের নিচ থেকে একটি ডার্বি সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে রাতেই তাদের কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আটকরা হলেন—সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য ওমর আলীর বিরুদ্ধে এর আগেও চাকরির দায়িত্বে থাকা অবস্থায় মাদক মামলার জেরে গ্রেপ্তারের রেকর্ড রয়েছে এবং বর্তমানে তিনি বরখাস্তকৃত অবস্থায় আছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

০%
০%
০%
০%