জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন দাস দলে ডাক পেলেন মাহিদুল ইসলাম ভুঁইয়া

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। পায়ের পেশির ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। ঢাকা ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও মাঠের বাইরে ছিলেন তিনি। বিসিবি মেডিকেল টিমের পর্যবেক্ষণ অনুযায়ী, আসন্ন টেস্টের জন্য প্রয়োজনীয় ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া লিটনের পক্ষে কঠিন হবে। ফলে লিটনের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ২৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল।

জিম্বাবুয়ে সফরের যাত্রা শুরু হবে হারারে স্পোর্টস ক্লাবে ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট দিয়ে। এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরের শেষভাগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই গড়াবে টি-টোয়েন্টি সিরিজের লড়াই। লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ততার কারণে টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের পাশাপাশি তাসকিন আহমেদকেও পাচ্ছে না বাংলাদেশ। টেস্ট দলের প্রথম বহর ইতোমধ্যে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করা ক্রিকেটাররা শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।

দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং প্রস্তুতির বিষয়ে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ফলাফলের চেয়ে তারা ক্রিকেটের নির্দিষ্ট ধারা বজায় রাখতেই বেশি আগ্রহী। পাকিস্তানের বিপক্ষে গত দুই টেস্টে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, জিম্বাবুয়েতেও সেই একই মানসিকতা ও মান ধরে রাখতে চান তিনি। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, মানসম্মত ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে মনে করেন এই কোচ।

সিমন্স আরও বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট সিরিজটি বছরের শেষে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ আর জিম্বাবুয়ের চ্যালেঞ্জ এক নয়, তাই টেস্ট দলের খেলোয়াড়দের নিয়ে কাজ করার এখনো অনেক সুযোগ ও প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন তিনি। আপাতত দলের মনোযোগ পুরোটাই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের দিকে।

০%
০%
০%
০%