বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত অমিমাংসিতভাবেই শেষ হয়েছে ভারত 'এ' এবং শ্রীলঙ্কা 'এ' দলের মধ্যকার প্রথম অনানুষ্ঠানিক টেস্ট। ম্যাচের শেষ দিনে আবহাওয়া বারবার বাধা হয়ে দাঁড়ানোয় কোনো দলই জয়ের বন্দরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় পায়নি। শেষ বিকেলে শ্রীলঙ্কা 'এ' দলের সংগ্রহ যখন ২ উইকেটে ৭০ রান, তখনই আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে আম্পায়াররা দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।
ভারত 'এ' দল তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা করেছিল বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। আগের দিন আহত হয়ে মাঠ ছাড়া সাই সুদর্শন ফিরতে না পারায় আয়ুষ পান্ডে এবং দেবদূত পাডিক্কাল ওপেনিং জুটিতে যোগ করেন ৮২ রান। পান্ডে ৩৮ রান করে দিলুম সুদিরা শিকার হলে ভাঙে এই জুটি। এরপর রুতুরাজ গায়কোয়াড় মাত্র ১ রানে এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে পাডিক্কাল একপ্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক তুলে নেন। ধ্রুব জুরেলের সঙ্গে ৪৪ রানের কার্যকর জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতির পর শ্রীলঙ্কা 'এ' বোলাররা ম্যাচে ফেরার চেষ্টা করেন। সুদিরা ৬৭ রান করা পাডিক্কালকে ফেরানোর পর সাহান আরাচিগের বলে সাজঘরে ফেরেন জুরেল। এরপর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে শ্রীলঙ্কার বোলার সুদিরা দুর্দান্ত বোলিংয়ে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে নিজের পাঁচ উইকেটের কোটা পূর্ণ করেন। ভারত 'এ' দল ১৮৯ রানে ৮ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে। ফলে শ্রীলঙ্কা 'এ' দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩১২ রানের।
লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা 'এ' দল শুরুটা করেছিল দারুণ আগ্রাসী মেজাজে। পাওয়ানথা উইরাসিংহে ২০ রান করে আকিদ নাবির বলে আউট হওয়ার পর নিরোশান ডিকভেলা পাল্টা আক্রমণ শুরু করেন। তবে হার্শ দুবের ঘূর্ণিতে ডিকভেলা এলবিডব্লিউর ফাঁদে পড়লে লঙ্কানদের জয়ের স্বপ্ন ম্লান হতে থাকে। বৃষ্টির বাধায় প্রায় দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকার পর শেষ বিকেলে আর মাত্র ৮ দশমিক ৩ ওভার খেলা সম্ভব হয়।
ম্যাচের প্রথমভাগে ভারত 'এ' দল সাই সুদর্শন এবং ধ্রুব জুরেলের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৫২ রানের পাহাড় গড়েছিল। জবাবে শ্রীলঙ্কা 'এ' দল নুয়ানিদু ফার্নান্দোর ৮৪, আশেন বান্দারার ৭০ এবং সাহান আরাচিগের ৭২ রানের সুবাদে ৩৩০ রান সংগ্রহ করে। বল হাতে আকিদ নাদি ৪টি উইকেট নিয়ে লঙ্কানদের চাপে রেখেছিলেন। সব মিলিয়ে দুই দলের লড়াই উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত ড্র মেনেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।