পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে দুই আটক ও দুটি এক্সকাভেটর অকেজো

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া ও বারোপাখিয়া এলাকায় রাতের আঁধারে ফসলি জমির উর্বর মাটি কাটার মহোৎসব বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার রাত ১০টা থেকে সোমবার রাত ১টা ১০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি শক্তিশালী এক্সকাভেটর অকেজো করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধস্থল থেকে চারটি ব্যাটারি জব্দ এবং আরও দুটি ব্যাটারি ধ্বংস করা হয়েছে।
স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, রাতের অন্ধকারে একশ্রেণির অসাধু চক্র নির্বিচারে ফসলি জমির টপ সয়েল কেটে নিচ্ছে। এতে জমির উর্বরতা হ্রাস পাওয়ার পাশাপাশি প্রাকৃতিক গঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় মাটি কাটার কাজে জড়িত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই যন্ত্রগুলো অকেজো করে দেওয়া হয় এবং আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
