Advertisement

রামগঞ্জে প্রবাসী পরিবার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও দোষীদের শাস্তির দাবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে রোববার বিকেলে চাঞ্চল্যকর প্রবাসী মনির হোসেন ও তার স্ত্রী-সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৮শে জুন চিকিৎসকের পরামর্শ নিতে ঢাকায় গিয়ে রাজধানীর মগবাজারের একটি হোটেলে অবস্থানকালে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে তাদের হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

নিহত মনির হোসেন রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঘটনার দিন হোটেলকক্ষে তাদের খাবার সরবরাহ করেন বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ রফিক মিয়া। খাবার খাওয়ার পরপরই মনির, তার অন্তঃসত্ত্বা স্ত্রী স্বপ্না আক্তার এবং শারীরিক প্রতিবন্ধী ছেলে নাঈম অসুস্থ হয়ে পড়েন। পরদিন ঢাকা আদ্-দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা পর্যায়ক্রমে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিহত মনিরের ভাই নুরুল আমিন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে কেয়ারটেকার রফিক মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে অভিযুক্ত রফিক জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মামলার তদন্তের অংশ হিসেবে পিবিআই ডিএমপির ঢাকা দক্ষিণের পরিদর্শক কামরুজ্জামান শিকদার সম্প্রতি রামগঞ্জের দেহলা গ্রামে সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন এবং অভিযুক্ত রফিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছেন। তদন্ত কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

তবে মামলার ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় এলাকাবাসী।

0%
0%
0%
0%