সরিষাবাড়ীতে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঘটা এ সহিংসতায় অন্তত ৯ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ, সদস্য চাঁন মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, সদস্য মো. আনিছ এবং বিএনপি কর্মী হারুন অর রশিদ, হুমায়ুন কবির ও আব্দুর রহিম। এদের মধ্যে মো. মাসুদ, চাঁন মিয়া ও আনিছের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাস ও তার সহযোগী সাখাওয়াতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ তার কয়েকজন সহযোগীসহ নলসন্ধ্যা এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় সুভাস ও সাখাওয়াতের নেতৃত্বে আটটি মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
