Advertisement

মাদারীপুরের শিবচরে মায়ের পর নিখোঁজ শিশুপুত্রের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে এক বছর বয়সী শিশু আবিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মান্নান হাজীর মোড়সংলগ্ন মাদরাসা ঘাট এলাকায় নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর শিবচর থানা ও নৌ-পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত শিশু আবিরের মা শম্পা খাতুনের মরদেহ গত ১৯ আগস্ট শিবচরের বাখরেরকান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে উদ্ধার করেছিল পুলিশ। নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শম্পা খাতুন হত্যার ঘটনায় তার বাবা ছামরুল ইসলাম বাদী হয়ে ২০ আগস্ট শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ও র‍্যাব-৮-এর একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করে।

বিজ্ঞাপন

আটককৃত ফারুক মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা এবং তার শিশুসন্তান আবিরকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি শিশু আবিরকে হত্যার পর তার মরদেহ আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছিলেন। ঘটনার পাঁচ দিন পর নদে শিশুটির লাশ ভেসে উঠলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%