Advertisement

চকরিয়ায় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার, কারাবন্দি নির্দেশ

কক্সবাজারের চকরিয়া পৌরসদরের কোচপাড়া এবং কাকারা ইউনিয়নের বড় উঠানী রাস্তা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ও গভীর রাতে চালানো এসব অভিযানে অভিযুক্তদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৭৫০ গ্রাম চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহিদা বেগম (৩৫), মোহাম্মদ সোহেল (২৮) ও মো. জালাল হোসেন (৩৩)। এর মধ্যে শাহিদা বেগম মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে এবং সোহেল ও জালাল মাদক সেবনের অভিযোগে আটক হন। দীর্ঘ সময় ধরে তারা সংশ্লিষ্ট এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভয়ারণ্য গড়ে তুলেছিলেন বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

0%
0%
0%
0%