AdvertisementAdvertisement

নেত্রকোনার মদনে প্রভাবশালীদের হামলায় বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার আতঙ্কিত জনজীবন

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী নওধার বা বঙ্গাল হাঁটি গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর জখম হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রভাবশালী মহলের বিরুদ্ধে বাদীপক্ষের ওপর আবারও হামলার অভিযোগ উঠেছে, যার ফলে বর্তমানে পুরুষশূন্য হয়ে পড়েছে ওই গ্রামের বেশ কয়েকটি পরিবার। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি, যখন একটি শিশুকে মারধরকে কেন্দ্র করে স্থানীয় শান্তু মিয়া এবং লোকমান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ২ মার্চ লোকমান মিয়া ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শান্তু মিয়ার পক্ষের হাবি মিয়া কারাবরণ করেন। অভিযোগ রয়েছে, জেল থেকে বেরিয়ে এসেই ৩ আগস্ট রাতে লোকমান মিয়ার ভাই আক্কাস মিয়াকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন।

Advertisement
বিজ্ঞাপন

আক্কাস মিয়ার ওপর হামলার ঘটনায় ৫ আগস্ট মদন থানায় শান্তু মিয়াকে প্রধান আসামি করে আরও ১০ জন এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে আক্কাস মিয়া চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকে বাদীপক্ষের পরিবারের পুরুষ সদস্যরা প্রাণভয়ে এলাকাছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে, বসতবাড়িতে থাকা নারী ও শিশুরা গৃহবন্দি অবস্থায় চরম আতঙ্কে সময় পার করছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রভাবশালী ওই গোষ্ঠীর ভয়ে কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না এবং নারীরা বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। ভুক্তভোগী লোকমান মিয়ার স্ত্রী বিউটি আক্তার জানান, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। প্রভাবশালীদের ভয়ে গ্রামের সাধারণ মানুষ প্রকাশ্যে কোনো মন্তব্য করতেও শঙ্কাবোধ করছেন।

Advertisement
বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পক্ষের আঞ্জু মিয়া ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে আপস-মীমাংসার কথা জানান। অন্যদিকে, স্থানীয়রা এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%