বাগেরহাটে ভুয়া এমবিবিএস সনদে চিকিৎসা, দুদকের অভিযান

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জেলা কার্যালয়, বাগেরহাটের এনফোর্সমেন্ট টিম অভিযোগের ভিত্তিতে বাদল মার্কেট, পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রোগীদের কাছ থেকে সংগৃহীত একাধিক প্রেসক্রিপশনে দেখা যায়, চিকিৎসক বিভিন্ন ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি তার উল্লিখিত এমবিবিএস ডিগ্রির সত্যতা সম্পর্কিত সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসকের এখতিয়ার কেবল প্রাথমিক চিকিৎসা প্রদানের মধ্যে সীমাবদ্ধ। পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ তার ক্ষমতার বাইরে। অভিযানের সময় দুদক টিম ভুয়া সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে। প্রাথমিক সত্যতা যাচাই শেষে কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুরে ভুয়া সনদে চাকরি গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পর্যালোচনা শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
ঘটনার পর স্থানীয়রা দুদকের তৎপরতা প্রশংসা করেছেন এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।