গোসাইরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে এক গৃহবধূকে হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—মামলার প্রধান আসামি মোস্তফা মৃধা (৪৫) এবং দুই নম্বর আসামি সুমন ঘরামী (২৫)। তারা দুজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি।

গোসাইরহাট থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিদের শরীয়তপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরসাতমাটিয়া গ্রামে এক গৃহবধূকে হাত ও মুখ বেঁধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর আপন ননদের স্বামী সুমন ঘরামী এবং তার সহযোগী মোস্তফা মৃধা জড়িত বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারি গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুমন ঘরামী ও মোস্তফা মৃধাকে অভিযুক্ত করা হয়।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই আসামিকেই গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

25%
25%
25%
25%