চট্টগ্রামে জুট ব্যবসাকে কেন্দ্র করে বিরোধে পথচারী ছুরিকাঘাতে আহত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল পানির কল এলাকায় জুট ব্যবসাবাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে জীবন নামের এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন রাতে প্রতিপক্ষের লোকজন জীবনকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন গণমাধ্যমকে জানান, এটি মূলত জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের ফল। ঘটনাস্থলে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি; বরং আহত ব্যক্তিকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর এলাকায় নানা গুঞ্জন ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় একটি সূত্রের দাবি, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরাম বাবুর গুলিতে পথচারী জীবন আহত হয়েছেন। অভিযুক্ত ইকরাম বাবু চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তবে পুলিশের পক্ষ থেকে শুরু থেকেই গুলির বিষয়টি দৃঢ়ভাবে নাকচ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা এখনো পুরোপুরি অবগত নই। বিস্তারিত জেনে তারপর এ বিষয়ে মন্তব্য করা যাবে।’ এদিকে এমন সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।

০%
০%
০%
০%