চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নূর আহমদ রোড এলাকার এস এ পরিবহনের একটি শাখা থেকে প্রতারণা মামলায় অভিযুক্ত কৃষাণ বড়ুয়া নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর নূর আহমদ রোডের কাজির দেউড়ি এলাকার এস এ পরিবহনের শাখা কার্যালয় থেকে ওই পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, গ্রেপ্তার কৃষাণ বড়ুয়া বর্তমানে কুমিল্লা জেলায় কর্মরত রয়েছেন। তার সম্পূর্ণ নাম ও সঠিক কর্মস্থলের বিস্তারিত জানতে ইতিমধ্যে সিটি এসবি, কুমিল্লা বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব হাতে পেলেই তার বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হবে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আইনপ্রয়োগকারী সংস্থার কোনো সদস্যের জড়িত থাকা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।