রাউজানে অস্ত্র ঠেকিয়ে নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে সামশুন নাহার নামের এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর গুজরা রাজচন্দ্র পাড়াস্থ ডিসি (নতুন বাজার সড়ক) সড়কে এ ঘটনা ঘটে।

রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, একটি মুঠোফোন এবং সিএনজিচালকের একটি মুঠোফোন ও অটোরিকশার চাবি ছিনতাই করে তারা।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, ‘আমি আসার ৫ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়?’

ভুক্তভোগী নারী সামশুন নাহার বলেন, ‘আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। এর মধ্যে ২৫ লাখ টাকা একটি ব্যাগে এবং বাকি ২ লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

সামশুন নাহারের ছেলে মো. আরিফ বলেন, ‘পৌরসভার চারাবটতল এলাকায় ৮ শতক জমি ক্রয়ের জন্য জমির মালিকের সঙ্গে ৩২ লাখ টাকায় কথা হয় এবং আমরা ৫ লাখ টাকা বায়না করেছিলাম। আজ ২৭ লাখ টাকা নিয়ে আমার মা ও দলিল লেখক সাব-রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

০%
০%
০%
০%