সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগনগরের বসির উদ্দিনের ছেলে।
রায়ে আদালত বাসচালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ।
মামলার নথিপত্র ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় বাস থেকে ১০৮ বোতল ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিলসহ চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুপারভাইজার রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মাদক কারবারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের এমন কঠোর শাস্তির রায়কে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সাথে সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।