শরীয়তপুরের গোসাইরহাটে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন পীড়নের অভিযোগে মো. ছাইদুল (২৬) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছাদিম আলী বেপারীকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাঁকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি শনপাপড়ি কেনার জন্য বাড়ির পাশের রাস্তায় গেলে ছাইদুল তাকে শনপাপড়ি দেওয়ার প্রলোভন দেখান। পরে স্থানীয় রেজু মিয়া কাজীর বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পরিত্যক্ত এক কক্ষবিশিষ্ট ভবনে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে যৌন পীড়ন করেন বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তার ছাইদুলের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। তিনি শরীয়তপুরের সখিপুর উপজেলার বালাবাজার এলাকায় আমির দর্জির ভাঙারির দোকানে ব্যবসা করতেন।
এ ঘটনায় গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি সে অলওয়েজ ট্রুথকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন।