ছেলে আটক নেশার টাকার জন্য মাকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম-এ মাদকের টাকার জন্য নিজের মাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে রাজন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মারা যান মা সাজেদা বেগম (৫৫)।

বিজ্ঞাপন

রোববার (৩ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাজেদা বেগম ওই এলাকার আব্দুল মতিনের স্ত্রী। ঘটনার পর শনিবার রাতেই অভিযুক্ত ছেলে রাজনকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাজন স্ত্রীকে নিয়ে উপজেলার বাগডোব গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অন্যদিকে স্বামী আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করায় সাজেদা বেগম নিজ বাড়িতে একাই থাকতেন।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানান, রাজন প্রায়ই মাদকসেবনের জন্য মায়ের কাছে টাকা চাইতে আসতেন। শনিবার বিকেলে তিনি মায়ের কাছে ৫০০ টাকা দাবি করেন। সাজেদা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রাজন পকেট থেকে ছুরি বের করে তার পেটে পরপর কয়েকটি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রথমে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ পুলিশ-এর বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

0%
0%
0%
0%