ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা গাড়ির চাপায় জামাল মিয়া (২০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় সরাইল হাইওয়ে থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া উপজেলার কাইনুছ গ্রামের মন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় অটোরিকশা নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বড় গাড়ি চালককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই চালক জামাল মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত করার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
