Advertisement

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বগুড়া শহরের কৈপুকুর পাড় এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন। মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আশিক, শাকিল ও মতিন। আদালত রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার এই অর্থের অর্ধেক নিহতের সন্তানকে প্রদান করার জন্য এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

বিজ্ঞাপন

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় কৈপুকুর পাড় এলাকায় হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আসামিরা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এসময় ছেলেকে রক্ষা করতে গিয়ে হৃদয়ের বাবা মামুনুর রশিদও গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান জানান, সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দিয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এদিকে রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন হৃদয়ের পরিবার। হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা জানান, কোরআনের হাফেজ তার একমাত্র ছেলেকে ঈদের আগের দিন কুপিয়ে জখম করা হয় এবং ঈদের দিন তিনি মারা যান। সন্তান হারানোর এই শোকের আবহে আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি ফিরেছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%