Advertisement

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চীনের প্রযুক্তিগত সহায়তার আশ্বাস

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে উভয় দেশ যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। চীন তার প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সর্বাত্মক সহায়তা করবে।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর উভয় দেশের মধ্যে সহযোগিতার এক নতুন ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী দুই মাসে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞাপন

চীনের সহায়তায় বাংলাদেশে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং তিস্তা নদী প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন রেসিডেন্সিয়াল হল এবং একটি হাসপাতালের নির্মাণ কাজ অত্যন্ত ফলপ্রসূভাবে এগিয়ে চলেছে। দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা ও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।

0%
0%
0%
0%