ঝিনাইদহে বাসচাপায় গৃহবধূর মৃত্যু, আহত সেনা সদস্য

ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তুলি খাতুন নামের ২৫ বছর বয়সী এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটা এই দুর্ঘটনায় নিহতের স্বামী সোহেল মিয়া গুরুতর আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি রাস্তার পাশে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তুলি খাতুন প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সোহেল মিয়াকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। নড়াইল জেলার বাসিন্দা সোহেল মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।
