Advertisement

নবজাতক দেখে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন বাবা

পাবনার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি এলাকায় সড়ক দুর্ঘটনায় বাহারুল ইসলাম বাবুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ৪৫ বছর বয়সী বাহারুল ইসলাম ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী মাহাতাব কলোনির মৃত অফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় আরআরপি এগ্রো ফিড মিলের কাভার্ড ভ্যান চালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ১১ দিন আগে বাহারুলের স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দেন। বুধবার বিকেলে বাহারুল তার ১২ ও ৫ বছর বয়সী দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে পাবনা সদর উপজেলার আটমাইল এলাকায় শ্বশুরবাড়িতে যান। নবজাতক কন্যাকে দেখে সন্ধ্যার পর ছেলেদের নিয়ে বাড়ি ফেরার পথে ঢুলটি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

ট্রাকের ধাক্কায় বাহারুল ও তার সঙ্গে থাকা দুই শিশু সড়কে ছিটকে পড়লে বাহারুল মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আরআরপি গ্রুপের পরিচালক মো. রফিকুল আলম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, সারাদিন কর্মস্থলে কাভার্ড ভ্যান চালানোর পর বিকেলে তিনি নবজাতক সন্তানকে দেখার জন্য সেখানে গিয়েছিলেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘাতক ট্রাক ও এর চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%