বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ আটক ২, পলাতক ১

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘ সময় ধরে চলা এই পাশবিক নির্যাতনের ফলে ভুক্তভোগী নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘ দিন কারাগারে বন্দি ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি স্বামী জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে স্ত্রীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পুরো ঘটনাটি প্রকাশ পায়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের মৃত লাল চান ফকিরের ছেলে মাহবুবুর রহমান, একই এলাকার আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন এবং মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম। মাহবুবুর রহমান বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন হিসেবে কর্মরত।
মঙ্গলবার ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত আলমগীর ও শহিদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অপরজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।