চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে ১০ বছর বয়সী শিশু মরিয়ম খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে আবুল হোসেন ওরফে ফটিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর গোয়ালপাড়া গ্রামের শিশু মরিয়ম তার সঙ্গীদের সাথে মাঠে শাক তুলতে যায়। এ সময় গয়েশপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়মকে পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।
তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলার বিচারিক পর্যায়ে মোট ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া আসামি আবুল হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধ স্বীকার করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম শাহজাহান মুকুল জানান, ন্যায়বিচারে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীর দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।