ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফকিরাচাঁন গ্রামের মাদার্শার বাড়ি এলাকায় ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার ভূজপুর থানার পূর্ব ভূজপুর গ্রামের মিরের খিল এলাকার বাসিন্দা মো. ইউনুস (৪৫) ও মো. আবুল হাশেম (৪৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল থেকে নিহত ইউনুস ও হাশেমসহ মোট পাঁচজন কৃষক কৃষি জমিতে ধান রোপণ করছিলেন। বিকেল ৪টার দিকে জমির ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে ধানি জমিতে পড়ে যায়। এ সময় অন্য তিন কৃষক দ্রুত সরে আসতে পারলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউনুস ও হাশেমের মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পরপরই ফটিকছড়ি থানা, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানানো হলেও প্রায় দুই ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট কোনো দপ্তরের প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুই কৃষকের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
