নড়াইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত পলাতক

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির নামের এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ৩০ বছর বয়সী আলিনুর ফকির ওই গ্রামের আব্দুল হাই ফকিরের সন্তান ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আলিনুর ফকিরের কাছে ১২ হাজার টাকা পেতেন রাজিব শেখ। ঘটনার রাতে পাওনা টাকা পরিশোধের বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাজিব শেখ তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত রাজিব শেখ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দোষী ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%