নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, সমালোচকদের তোয়াক্কা না করে শিক্ষার মান উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষামন্ত্রী

নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছে। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে শহরের বরুনকান্দি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে তিনি নামফলক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, জাতিকে সুশিক্ষিত করার পবিত্র দায়িত্ব নিয়ে তারা কাজ করছেন। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উশৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে, তরুণ প্রজন্ম তাদের ব্যর্থ করে দেবে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো অবকাশ নেই এবং সরকার শিক্ষা খাতের মানোন্নয়নে বদ্ধপরিকর।
পরীক্ষা পদ্ধতি ও মেধার মূল্যায়ন প্রসঙ্গে ড. মিলন বলেন, পরীক্ষা ছাড়া যোগ্যতার সঠিক মূল্যায়ন সম্ভব নয়। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আধুনিক ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে যেখানে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ৮৭ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে এবং ভবিষ্যতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
প্রাথমিকভাবে ৮০ জন শিক্ষার্থী নিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হলেও দ্রুত এটিকে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে এখানে আন্তর্জাতিক মানের ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এছাড়া সেশনজট নিরসনে ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি এবং মার্চে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও তিনি ব্যক্ত করেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে আইন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এবার পাঠদান কার্যক্রম শুরু হলো।