কাশিমপুর কারাগার থেকে সাজাপ্রাপ্ত নারী বন্দি পলাতক থানায় মামলা দায়ের

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা নামের এক নারী বন্দি পলায়নের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিয়মিত বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা মো. হাসানের মেয়ে।
ঢাকা ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে রিম্পা এই কারাগারে বন্দি ছিলেন। কারা অভ্যন্তরে কঠোর নিরাপত্তা বলয় এড়িয়ে কীভাবে একজন বন্দি পালিয়ে গেলেন, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে এবং তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়।
এ ঘটনায় কারাগারের পক্ষ থেকে কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, পলায়নকারী বন্দিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে, কারাগারের মতো সুরক্ষিত স্থান থেকে বন্দি পলায়নের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে পলায়নকারী বন্দিকে গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।