বন্যা পরিস্থিতির অবনতি: চট্টগ্রাম বোর্ডের সব এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ভয়াবহতা ও এর পরবর্তী প্রতিকূল পরিবেশ বিবেচনায় শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি, আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার বাকি সব বিষয়ের পরীক্ষা স্থগিত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আপাতত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এর আগে বৈরী আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১৬ জুলাই পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সর্বশেষ উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষাগুলো নিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করল।