মানিকগঞ্জ ও সাটুরিয়ায় মডেল মন্দির ও শ্মশানঘাট নির্মাণের ঘোষণা মন্ত্রীর

মানিকগঞ্জ জেলা শহরে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই জেলার মানুষ ঐতিহাসিকভাবেই সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। বৃহস্পতিবার বিকালে জেলা শহরের কালীবাড়ি মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর মানিকগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা বঞ্চিত ছিলেন। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে তাদের ভোগান্তি প্রত্যক্ষ করেছেন। তাই মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি আধুনিক মডেল মন্দির ও শ্মশানঘাট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

তারেক রহমানের নির্দেশনায় একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনের সময় মানিকগঞ্জবাসী সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছিলেন। ৫ আগস্টের পরবর্তী সময়েও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার ও স্থানীয়রা সর্বদা তৎপর ছিলেন। মানিকগঞ্জের মাটিতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় পারস্পরিক বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে এবং রথযাত্রা উপলক্ষে আয়োজিত ভোজসভার জন্য তিনি ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

বিজ্ঞাপন

মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

0%
0%
0%
0%