ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামে দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ও হেলমেটধারী সশস্ত্র দল আকস্মিকভাবে এ হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাড়ির আশপাশের ঘরগুলো বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে ভুক্তভোগীদের সহায়তায় কেউ এগিয়ে আসতে না পারে।

বিজ্ঞাপন

সন্ত্রাসীরা গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে প্রবাসীর ঘরের দরজা ও জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা রিদুয়ানের মা রেনু আক্তার ও তাঁর স্ত্রী বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যবহারিক মোবাইল ফোন কেড়ে নেয়। জীবন বাঁচাতে দুই নারী দ্রুত পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং কৌশলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা কামনা করেন।

পরবর্তীতে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী দুই নারীকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। রেনু আক্তার অভিযোগ করেন, সন্ত্রাসীরা আলমারি ভেঙে নগদ অর্থ, মূল্যবান স্বর্ণালঙ্কার ও অন্যান্য দামি সামগ্রী লুট করে নিয়ে গেছে এবং ঘরের দেওয়ালেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকা জুড়ে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%