চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় সিয়াম নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সড়ক পার হওয়ার সময় ঘাতক বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির প্রাণহানির ঘটনা ঘটে। নিহত সিয়াম ধান্যঘরা গ্রামের মো. পলাশের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা এলাকা থেকে বাড়ি ফিরছিল। ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় নিজের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে কার্পাসডাঙ্গাগামী ‘রেখা পরিবহণ’ নামের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।