নবীনগরে তিন র‍্যাব সদস্যকে নির্যাতনের ঘটনায় কুখ্যাত শফিক ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে আটকে রেখে বর্বর নির্যাতনের মূল হোতা কুখ্যাত শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স। রোববার গভীর রাতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউলাহাটি শহীদ কাওসার রোড সংলগ্ন একটি বাসা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শফিক খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে এবং তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও মাদকের অভিযোগে ১৫টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

গত ১১ মে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে খাগাতুয়া এলাকায় গেলে শফিক ও তার সশস্ত্র সহযোগীরা র‍্যাবের চার সদস্যের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাদের প্রায় তিন ঘণ্টা জিম্মি রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে অতিরিক্ত র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার শিকার কনস্টেবল মালেকের মাথায় গুরুতর জখম হয় এবং হাবিলদার রাশেদ ও কনস্টেবল কাজলের হাত ভেঙে ফেলা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর থেকে শফিক আত্মগোপনে থাকলেও দীর্ঘ দুই মাস গোয়েন্দা নজরদারি ও একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। র‍্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর আগেও এ ঘটনায় জড়িত নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে শফিকের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগীরা অপরাধী শফিক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%