কুলাউড়ায় বন্ধ চারটি রেল স্টেশন এখন ধ্বংসের পথে চরম দুর্ভোগে হাজারো যাত্রী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি রেল স্টেশনের কার্যক্রম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগের কবলে পড়েছেন। ব্রিটিশ আমলে নির্মিত ভাটেরা বাজার, টিলাগাঁও, মনু ও ছকাপন রেল স্টেশনে এখন আর কোনো ট্রেন থামে না। একসময়ের ব্যস্ত এসব স্টেশন বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং রেলওয়ের মূল্যবান সম্পদ বেহাত হওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, একসময় যেসব স্টেশনে যাত্রীদের পদচারণায় মুখর থাকত এবং চা, রাবার, ধান, চালসহ বিভিন্ন কৃষি পণ্য বুকিং করা হতো, সেগুলো এখন পরিত্যক্ত পোড়াবাড়িতে রূপ নিয়েছে। স্টেশনগুলোর দরজা, জানালা ও টিনের চালা খসে পড়েছে এবং চারপাশ ঝোপঝাড়ে ছেয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মূল্যবান আসবাবপত্র ও লোহার এঙ্গেল চুরি হয়ে যাচ্ছে এবং পরিত্যক্ত ঘরগুলোতে অনেকে গবাদি পশু পালন করছেন।

ভাটেরা বাজার এলাকার বাসিন্দা অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম জানান, বনশিল্প উন্নয়ন করপোরেশনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরও জনগুরুত্বপূর্ণ এই স্টেশনটি অচল হয়ে আছে। প্রবাসী অধ্যুষিত এই জনপদের মানুষ নিয়মিত যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার আবেদন-নিবেদন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্টেশন চালুর বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

টিলাগাঁওয়ের বাসিন্দা মাদরাসা শিক্ষক আলমগীর হোসেন, ছকাপনের প্রকৌশলী তারেক চৌধুরী ও মনুর বাসিন্দা জয়নাল আবেদিন জানান, স্টেশনগুলো চালুর দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রাম চললেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রান্তিক মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার যাত্রী ও প্রবাসীরা সীমাহীন কষ্টে দিনাতিপাত করছেন। অবহেলিত ও ভূতুড়ে পরিবেশে পড়ে থাকা এই স্টেশনগুলো দ্রুত চালুর মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%