চাটমোহরে গলা কেটে ভ্যানচালককে হত্যা

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশ থেকে নাসের আলী (৪৪) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত নাসের আলী চাটমোহরের হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার পর চাটমোহর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে ভ্যানটি ভাড়া করে নির্জন স্থানে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার পর খুনিরা ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ায় এটি একটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে স্থানীয়রা ধারণা করছেন।

থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

0%
0%
0%
0%