জনবল ও সরঞ্জামের সংকটে খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল

চট্টগ্রামের সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলেও বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। রেলওয়ের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানে বর্তমানে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে রোগীরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

গত বছর রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বক্ষব্যাধি হাসপাতালটিকে সাধারণ রোগীদের জন্য উন্মুক্ত করে নাম পরিবর্তন করা হয়। বর্তমানে মাত্র ১০ টাকার টিকিটে বহির্বিভাগে জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগী সমাগম বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সীমাবদ্ধতা ও চিকিৎসকদের অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, অনুমোদিত ৪০ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। নার্সিং ও ফার্মাসিস্টসহ অন্যান্য পদেও বিশাল শূন্যতা থাকায় চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। অনেক চিকিৎসক সময়মতো উপস্থিত না হওয়া কিংবা নিয়মিত কর্মস্থলে না থাকায় সাধারণ রোগীদের দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. তাহামিনা ইয়াসমিন জানিয়েছেন, অর্থসংকটের কারণে প্যাথলজি সেবা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। তবে বাজেট বরাদ্দ সাপেক্ষে সার্জারি, ডেন্টাল ও রেডিওলজিসহ আধুনিক চিকিৎসা সুবিধা পর্যায়ক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এদিকে, অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. তুহিন বিনতে হালিম জানান, প্রেষণে আসা চিকিৎসকদের একটি বড় অংশ চলে যাওয়ায় রোগীর বাড়তি চাপ সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলেও যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়ন ও যাতায়াত সুবিধার অভাবে অনেক রোগী এখানে সেবা নিতে আগ্রহী হন না। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী হাসপাতালটির সক্ষমতা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত বরাদ্দ ও দক্ষ জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0%
0%
0%
0%