মহাস্থান থেকে উদ্ধার হওয়া অসুস্থ হাতি বাদশা বাহাদুর যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় দীর্ঘ সময় ধরে ‘বাদশা বাহাদুর’ নামের একটি হাতিকে অমানবিক পরিবেশে আটকে রেখে সার্কাস প্রদর্শনের নামে শোষণ করা হচ্ছিল। পর্যাপ্ত খাদ্য ও পরিচর্যার অভাবে হাতিটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এই অমানবিক পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি হাতিটির জীবন ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনার পর তিনি স্বেচ্ছায় প্রাণীটিকে অধিদপ্তরের জিম্মায় হস্তান্তর করতে সম্মত হন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়েছে এবং হাতিটির মালিকও সহমর্মিতা দেখিয়ে প্রাণীটিকে হস্তান্তর করেছেন।
জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’ এখন নতুন ও নিরাপদ আশ্রয়ের পথে। চিড়িয়াখানায় সুচিকিৎসা, নিয়মিত পুষ্টিকর খাদ্য ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি ধীরে ধীরে তার স্বাভাবিক শারীরিক ও মানসিক সুস্থতা ফিরে পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। দীর্ঘদিনের বন্দিদশা ও অবহেলা থেকে মুক্তি পেয়ে এখন নতুন জীবনের অপেক্ষায় রয়েছে এই প্রাণীটি।