ঝিনাইদহে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বন্দেখালী গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে স্থানীয় লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ছিটকে পড়ে আসিফ প্রাণ হারান। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
পুলিশি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ইজিবাইকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।