নেত্রকোনায় অশ্লীল ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৮

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় এক ফিশারিতে অভিযান চালিয়ে অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিবপুর গ্রামের ‘টাঙ্গাইল’ নামের একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম, মো. শুভ, সাগর মিয়া, জুয়েল মিয়া, মাজিজুল, হাবিবুর রহমান হাবি, কাজল মিয়া এবং মোছা. মনিরা আক্তার। অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ জানায়, স্থানীয়ভাবে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ফিশারিতে নারীদের এনে কৌশলে অশ্লীল ভিডিও ধারণ করত। পরবর্তীতে এসব ভিডিও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো।

অভিযানের সময় চক্রের সাতজন পুরুষ ও একজন নারীকে আটক করা সম্ভব হলেও আরও কয়েকজন নারীসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়। জব্দ করা স্মার্টফোনগুলো পর্যালোচনায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত সময়কালের শতাধিক অশ্লীল ভিডিওর তথ্য মিলেছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%