কোটচাঁদপুরে সরকারি মালামাল বিতরণে অনিয়ম: জামায়াত নেতার বিরুদ্ধে সাইকেল আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি-এর ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ভয়াবহ অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইল চেয়ার বিতরণে স্বচ্ছতার তোয়াক্কা না করে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা নিজেদের মধ্যে এসব মালামাল ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম জালিয়াতির আশ্রয় নিয়ে কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন ইসলামের নামে বরাদ্দকৃত একটি বাইসাইকেল নিজে স্বাক্ষর করে তুলে নেন। পরে বাইসাইকেলটি তিনি নিজের নাতি মারিয়াকে উপহার হিসেবে প্রদান করেন এবং মেয়ের বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে বুধবার দুপুরে জামায়াত নেতা তাজুল ইসলাম বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দিতে বাধ্য হন।
ভুক্তভোগী শিক্ষার্থী সাইমুন ইসলাম জানায়, তার নামে সরকারি বরাদ্দ থাকলেও তাকে সাইকেলটি দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হওয়ার পর তড়িঘড়ি করে সাইকেলটি তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী জানান, স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং তা প্রকৃত উপকারভোগীর মাঝে পুনরায় বিতরণ করা হবে।
কেবল জামায়াত নেতা নয়, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধেও বরাদ্দকৃত সেলাই মেশিন ও স্প্রে মেশিনসহ বিভিন্ন উপকরণ স্বজনদের মাঝে বণ্টনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ বিষয়ে জামায়াত নেতা তাজুল ইসলাম বরাদ্দের মালামাল স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ভাগাভাগি করার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছেন। সরকারি মালামাল বিতরণে এমন নজিরবিহীন অনিয়মের ঘটনায় স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানিয়েছেন, বাইসাইকেল বিতরণে স্বজনপ্রীতির বিষয়টি ছাড়াও অন্যান্য উপকরণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না, তা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।