চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে জড়িয়ে স্বামীর আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর উত্তর পাটোয়ারী বাড়িতে স্ত্রীর ছবি বুকে জড়িয়ে মো. শান্ত নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের মো. আবুল বাসারের ছেলে এবং তিনি এক পুত্রসন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এক পর্যায়ে স্ত্রী তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলে শান্ত তা মেনে নিতে পারেননি। এ বিষয়ে পারিবারিকভাবে সমঝোতার জন্য শনিবার স্থানীয় পর্যায়ে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরু হওয়ার পূর্বেই অভিমানে তিনি আত্মহননের পথ বেছে নেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।