AdvertisementAdvertisement

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে ২৭ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩৬৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে সর্বমোট ২৭ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা তাদের উচ্চশিক্ষা গ্রহণের পথকে আরও সুগম করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Advertisement
বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী নানা প্রতিকূলতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে ছিটকে পড়ে। তিনি বলেন, নিজে উপকূলীয় এলাকার সন্তান হিসেবে শৈশবের সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে শিক্ষার্থীদের অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। আজকের এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এর আগে প্রতিমন্ত্রী বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%