শেরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর থেকে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিজিবি সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম শুরু করেছেন।

বিজ্ঞাপন

জেলা শহর ছাড়াও নকলা উপজেলাসহ জেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে বিজিবি সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় জনমনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা পৌঁছে দিতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের এই বিশেষ টহল জোরদার করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ অন্যান্য বাহিনী একযোগে কাজ করছে। সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%