জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় মালবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. রাশেদুল ইসলাম জনি নামের ৪২ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভাগিনাকে আনতে পাঁচবিবি বাসস্ট্যান্ডে আসেন রাশেদুল। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচমাথার দিকে যাওয়ার পথে লাঙ্গলহাটি এলাকায় পৌঁছালে সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। ঠিক সেই মুহূর্তে হিলি থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকায়। এ ঘটনায় স্থানীয়রা দোষী ট্রাক চালককে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।