হাতিয়ায় ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্যের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং তাদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শনিবার সকালে আয়োজিত এক মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এই প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে সোহেল, জহির, পারভেজ ও ইউছুফের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ধারাবাহিক চাঁদাবাজি, অসহায় মানুষের ভূমি দখল, সরকারি খাল জবরদখল এবং বনের মূল্যবান গাছ কেটে উজাড় করার মতো ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
ভুক্তভোগী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসী বাহিনীর জিম্মি দশা থেকে মুক্তি পেতে চান তারা। প্রতিটি মানুষ এখন স্বাধীনভাবে নিজ অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। পরিবার ও সন্তান-সন্ততি নিয়ে নিরাপদ ও শান্তিময় পরিবেশে বসবাস করাই তাদের মূল দাবি।
ঢালচরসহ আশপাশের এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন, মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন, আলতাফ হোসেন, কামাল উদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, শরীফ উদ্দিন, আজাদ উদ্দিন, এনায়েত হোসেন ও কালু রাজসহ অন্যান্য বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।