গণভোটের ওয়াদা বাস্তবায়নে কালক্ষেপণ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মাওলানা আব্দুল হালিমের

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটের আগে গণভোট নিয়ে জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে নতুন করে আন্দোলন গড়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

মাওলানা আব্দুল হালিম আরও বলেন, একই রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এক আদেশে সরকার গঠন করা হয়েছে, অথচ অন্য আদেশে জনগণের ৭০ শতাংশ সংস্কারের পক্ষে যে রায় দিয়েছেন তা উপেক্ষা করা হচ্ছে। তিনি এটিকে জনগণের সঙ্গে প্রতারণা ও অপমান হিসেবে আখ্যায়িত করে বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে তুচ্ছ করার মাশুল ভালো হবে না।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো তথ্য পেলেই যাচাই-বাছাই ছাড়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সতর্ক থেকে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া অতীতে পর্দা ও দাড়ি-টুপি নিয়ে যে কটূক্তি করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। এছাড়া কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%